প্রকাশিত: Tue, Dec 20, 2022 2:13 PM
আপডেট: Thu, Mar 12, 2026 9:57 AM

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৯০ অভিবাসী

ইমরুল শাহেদ: জার্মান বেসরকারি সংস্থার দুটি উদ্ধারকারী জাহাজ এক যৌথ অভিযানে মধ্য-ভূমধ্যসাগরে ঝুঁকিপুর্ণ অবস্থায় থাকা ৯০ অভিবাসীকে উদ্ধার করেছে। ইনফোমাইগ্রান্ট

প্রথম উদ্ধার হওয়া ৬৩ জন দেড় দিন প্রবল শৈত্যপ্রবাহের মাঝে রাবারের ডিঙিনৌকায় ভেসেছিলেন। শনিবার রেগেুন্সবুর্গের এনজিও সি-আই এ কথা জানিয়েছে। সি-আই ৪ এবং ড্রেসডেনের মিশন লাইফলাইন সংগঠনের রাইজ অ্যাবভের ক্রুরা এই অভিযান চালিয়েছে। 

শুক্রবার সন্ধ্যার প্রতিবেদন অনুযায়ী, যৌথ অভিযানে উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ১২ জন অপ্রাপ্তবয়স্ক। তাদের সবাইকে সি-আই উদ্ধার করে। পরে শনিবার রাইজ অ্যাবভের ক্রুরা ২৭ জন সিরীয় অভিবাসীকে উদ্ধার করে।

মিশন লাইফলাইন জানিয়েছে, এদের মধ্যে অনেকে শ্বাসকষ্ট, বমি ইত্যাদি সমস্যায় আক্রান্ত ছিলেন। অভিবাসীরা সাধারণত উত্তর আফ্রিকা থেকে বিপজ্জনক পথে ছোট নৌকায় চেপে ইউরোপীয় ইউনিয়নে পৌঁছান। বিশেষ করে শীতকালে এই পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 

প্রতিকূল আবহাওয়া এবং সমুদ্রপথে বিপদের কারণে লিবিয়া, টিউনিশিয়া ইত্যাদি দেশ থেকে ইইউতে আসার পথে অনেকে প্রাণ হারান। এদের বেশিরভাগ রওনা দেন ইটালির পথে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ২০২২ সালে এখন পর্যন্ত ৯৮ হাজার ৭০০ জনের বেশি অভিবাসী নৌকায় চেপে এসেছেন। গত বছরের একই সময়ের তুলনায় (৬৩ হাজার ৪০০ জন) উল্লেখযোগ্যভাবে বেশি। সম্পাদনা: খালিদ আহমেদ