প্রকাশিত: Tue, Jan 10, 2023 11:08 AM
আপডেট: Fri, Jun 12, 2026 11:34 AM

প্রধানমন্ত্রীর ভারসাম্যের কূটনীতির জন্য বিদেশিদের নজর ঢাকায়: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: বাংলাদেশে চীন-যুক্তরাষ্ট্রের হাইপ্রোফাইল ভিজিট বাড়ছে এবং এ বিষয়টি ভূ-রাজনৈতিক ভাবে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারসাম্যের কূটনীতির জন্য অনেকেই আমাদের দিকে নজর দিচ্ছেন। আমরা ৩৫তম অর্থনীতির দেশের পরিণত হয়েছি। সে কারণে তারা আমাদের এখানে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহী। আমাদের এখানে সব হয়, অপার সম্ভাবনা রয়েছে বলেই বিদেশিরা গুরুত্ব দিচ্ছেন।

মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশিদের তৎপরতা প্রসঙ্গে ড. মোমেন বলেন, নির্বাচন নিয়ে আপনারা বেশি বেশি আলাপ করেন। নির্বাচন এক বছর পরে হবে। এখনো অনেক দিন বাকি। এগুলো নিয়ে খামোকা আপনারা বেশি বেশি হৈ চৈ করেন। এখন নির্বাচন অনেক সুষ্ঠু হয়, কেউ মারা যায়না। বিশেষ করে গত কয়েকটি নির্বাচন হয়েছে সহিংসতামুক্ত। এটা খুবই ভালো। আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। সম্পাদনা: সালেহ্ বিপ্লব