প্রকাশিত: Thu, Jan 12, 2023 9:38 AM
আপডেট: Thu, Sep 10, 2026 10:19 PM

ছেলের নাম রাজত্ব

মেট্রোরেল আগারগাঁও স্টেশনে সন্তান প্রসব

মাজহারুল ইসলাম: আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে সোনিয়া রানী রায় নামের এক নারী ছেলেসন্তান প্রসব করেছেন। মেট্রোরেলে চড়ে ডাক্তারের কাছে যাওয়ার সময় প্রসব বেদনা উঠে তার। 

সোনিয়ার স্বামী সুকান্ত সাহা গণমাধ্যমকে বলেন, আমার স্ত্রীকে নিয়মিতই চিকিৎসকের কাছে চেকআপ করাই। 

আজ তাকে হাসপাতালে ভর্তি করানোর জন্য নিয়ে যাচ্ছিলাম। উত্তরা উত্তর স্টেশন থেকে উঠি আমরা। পরে মেট্রোরেলের ভেতরেই প্রসববেদনা ওঠে আমার স্ত্রীর। মা ও ছেলে দুজনেই সুস্থ আছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ আমাকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না।

আগারগাঁও স্টেশনের ম্যানেজার মাহফুজুর রহমান বলেন, উত্তরা উত্তর স্টেশন থেকে এসে আগারগাঁও স্টেশনে সাড়ে ৮টার দিকে নামেন ওই নারী। স্টেশনের কর্তব্যরত নারী স্কাউট সদস্যরা ওই নারীর সেবাকাজে অংশ নেন। পরে ওই নারীকে ধানমন্ডির একটি হাসপাতালে পাঠানো হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব