প্রকাশিত: Thu, Jan 12, 2023 1:42 PM
আপডেট: Thu, Mar 12, 2026 9:31 PM

বান্দরবানে জঙ্গি সংগঠন শারক্বীয়ার আরো ৫ প্রশিক্ষণার্থী আটক

বাবুল খাঁন: রোয়াংছড়ি-থানচি এলাকায় অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আরও পাঁচ প্রশিক্ষণরত সদস্যকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার বান্দরবানের র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন। আটকরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ি এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে নিজামুদ্দিন হিরন ইউসুফ, কুমিল্লার আ. রাজ্জাকের ছেলে সালেহ আহমেদ সাইহা, সিলেটের সিরাজুল ইসলামের ছেলে মো. সাদিকুর রহমান সুমন ফারকুন, কুমিল্লার শফিকুল ইসলামের ছেলে মো. বাইজিদ ইসলাম মুয়াজ এবং কুমিল্লার এক কিশোর। খন্দকার আল মঈন বলেন, ২০২২ সালের ২৩ আগস্ট কুমিল্লা সদর এলাকা থেকে আট তরুণের নিখোঁজের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২৫ আগস্ট নিখোঁজদের পরিবার কুমিল্লার কোতয়ালি থানায় সাধারণ ডায়েরি করে। ঘটনাটি জানার পরপরই র‌্যাব নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় এই আট তরুণদের মধ্যে পালিয়ে আসা নিলয়কে জিজ্ঞাসাবাদ করলে র‌্যাবের গোয়েন্দারা গুরুত্বপূর্ণ তথ্য পায়।

নিলয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ৫ অক্টোবর কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া রিফাতসহ নতুন জঙ্গি সংগঠনের সাতজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে দেশে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামে একটি নতুন জঙ্গি সংগঠনের কার্যক্রম সম্পর্কে তথ্য পাওয়া যায়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব