প্রকাশিত: Fri, Jan 13, 2023 9:23 AM
আপডেট: Fri, Jun 12, 2026 11:36 AM

দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের সঙ্গে খুচরা চালাকি করছে সরকার: মির্জা ফখরুল

জেরিন আহমেদ : বিদ্যুতের দাম বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার নয় বলেই জনগণের চরম দুর্দিনেও বিদ্যুতের দাম বাড়িয়েছে। বিদ্যুতের দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত গণবিরোধী। প্রতিমাসে দাম সন্বয়ের নামে প্রকারান্তরে দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি করা হবে, যা জনগণের সাথে খুচরা চালাকি। শুক্রবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আবারো বিদ্যুতের দাম বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, সরকারের ব্যর্থতা, দুর্নীতি, ভ্রান্ত নীতির ফলে দেশের অর্থনীতিতে এবং জনজীবনে তীব্র সংকট চলছে। চাল, ডাল, তেল, চিনিসহ সকল দ্রব্য মূল্যের চরম উর্ধ্বগতিতে জনজীবনে যখন নাভিশ্বাস উঠেছে, জনগণের জীবন যাত্রার ব্যয় যখন লাগামহীন ভাবে বৃদ্ধি পাচ্ছে, যখন মানুষ কাজ হারিয়ে বেকার হচ্ছে, কর্মসংস্থান নেই বললেই চলে, তখন সরকারের এই তুঘলকি সিদ্ধান্ত মরার উপর খাড়ার ঘা। দুই মাস আগে পাইকারী পর্যায়ে মূল্যবৃদ্ধির পর এবার খুচরা তথা গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে কৃষি সেচে, কল কারখানায় উৎপাদনে ব্যয় বৃদ্ধিসহ জীবন যাত্রার ব্যয় এবং প্রতিটি জিনিষের মূল্য আরও বৃদ্ধি পাবে। সম্পাদনা: এল আর বাদল