প্রকাশিত: Sat, Jan 14, 2023 1:39 PM
আপডেট: Thu, Mar 12, 2026 10:23 PM

ভেঙেছে দুয়ার এসেছ জ্যোতির্ময় বইয়ের মোড়ক উন্মোচন

খালিদ আহমেদ: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি মুক্তস্বাধীন দেশের মাটিতে পা রাখেন। জাতির পিতার ঐতিহাসিক এই স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে শ্রদ্ধা জানিয়ে প্রকাশিত হয়েছে ভেঙেছে দুয়ার এসেছ জ্যোতির্ময় শীর্ষক এই বই। 

শনিবার ১৪ জানুয়ারি সকালে গণভবনে আওয়ামী লীগের যৌথ সভায় বইটির মোড়র উন্মোচন করেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর্ট পেপারে ছাপা, শক্ত মলাটে বাঁধাই করা ১০০ পৃষ্ঠার এই বইতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন এবং ১৯৬৬ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সংবাদপত্র ও গণমাধ্যমে যেসব রিপোর্ট, বিশেষ প্রতিবেদন, ছবি ছাপা হয়েছিল সেই পত্রিকাগুলোর প্রথম পাতা বাছাই করে সংকলিত করা হয়েছে। 

বইটি সম্পাদনা করেছেন এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান। প্রকাশ করেছে জয়ীতা প্রকাশনী, প্রকাশক ইয়াসিন কবীর জয়।

বইটি নতুন প্রজন্মের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন ও অবদান এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে সহায়ক হবে বলে মনে করছেন প্রকাশক। 

বইটি পাওয়া যাবে জয়ীতা প্রকাশনীর ২০/২১ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কার্যালয়ে এবং ফেব্রুয়ারিতে অমর একুশের বইমেলায় জয়ীতা প্রকাশনীর স্টলে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব