প্রকাশিত: Wed, Jan 18, 2023 2:23 PM
আপডেট: Thu, Mar 12, 2026 11:06 PM

নির্ধারিত সময়ে নির্বাচন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়নি: সিইসি

খালিদ আহমেদ: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, রোডম্যাপ অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের প্রস্তুতি রয়েছে এবং যথাসময়ে নির্বাচন করব। আমরা এটাও উনাদের পরিষ্কার করে বলেছি। কিছু কিছু বিষয় নিয়ে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। এই মতপার্থক্য থাকার কারণে এখনো নির্বাচনী পরিবেশটা সহানুভূতিসম্পন্ন (কনজেনিয়াল) নয়। 

বুধবার নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের বিষয়ে জানাতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা আশা করি, অচিরেই এ মতপার্থক্য দূর হয়ে যাবে। শেষ পর্যন্ত সব দল নির্বাচনে আসবে সে বিষয়ে আমরা আশাবাদ ব্যক্ত করেছি। আমরা বলেছি, যদি নির্বাচন অংশগ্রহণমূলক হয় তাহলে চমৎকার প্রতিদ্বন্দ্বিতা হবে। সেই লক্ষ্যে আমাদের পুরো প্রস্তুতি রয়েছে।’

নির্বাচন অংশগ্রহণমূলক হলে চমৎকার প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, সেই লক্ষ্যে আমাদের পুরো প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ইভিএম নিয়ে কোনো অবিশ্বাস আছে কি-না তা জানতে চেয়েছিল। তাদের বলেছি, ইভিএম নিয়ে যে অবিশ্বাস ছিল তা অনেকটা কেটে গেছে। তবে এটাও জানিয়েছি যে, ইভিএম নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারছি না। কারণ আদৌ ইভিএম এভেইলেবল হবে কি না। আমরা কী পরিমাণ নির্বাচন ইভিএমে করতে পারব, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব