প্রকাশিত: Wed, Jan 18, 2023 10:27 AM
আপডেট: Fri, Jun 12, 2026 12:50 PM

ঢাকা মেডিক্যালকে ৫ হাজার শয্যা হাসপাতাল করা হবে: প্রধানমন্ত্রী

সালেহ্ বিপ্লব: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের জনসংখ্যা বেশি। চিকিৎসা ব্যবস্থার ওপর চাপও বেশি। কিন্তু সবাই নিয়ম মেনে চললে স্বাস্থ্যসেবা পাওয়া সহজ হয়।  তিনি বুধবার সকালে দেশের ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করে এ কথা বলেন। রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। বিটিভি

এর আগে দুই দফায় ৯০টি সেন্টার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বুধবার নতুন চালু হওয়া কমিউনিটি ভিশন সেন্টারের মধ্যে বরিশাল বিভাগে ২০টি, চট্টগ্রাম বিভাগে ২০টি, রাজশাহী বিভাগে চারটি এবং খুলনা বিভাগে একটি রয়েছে। অনুষ্ঠানে ভোলার চরফ্যাশন, বরগুনার আমতলী, চট্টগ্রামের বাঁশখালী এবং কক্সবাজারের পেকুয়ার কমিউনিটি ভিশন কেন্দ্রগুলো ভার্চুয়ালি সংযুক্ত ছিল। প্রধানমন্ত্রী উপকারভোগীদের সঙ্গে মত বিনিময় করেন।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু স্বাধীনতাই দেননি, তিনি যুদ্ধবিধ্বস্ত দেশে ব্যাপক উন্নয়নের পদক্ষেপ নিয়েছিলেন। তৃণমূল মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছিলেন। অন্ধত্ব নিরাময়ের লক্ষ্যে মরণোত্তর চক্ষুদানের ব্যবস্থা করেছিলেন। ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছিলেন। দুর্ভাগ্য, তিনি সে কাজ শেষ করে যেতে পারেননি। 

মানুষের স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিক চালুর কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, হীন রাজনৈতিক উদ্দেশ্যে সাবেক বিএনপি-জামায়াত সরকার এই ক্লিনিক বন্ধ করে দিয়েছিল্ ো২০০৯ সালে ক্ষমতায় এসে আমরা আবার কমিউনিটি ক্লিনিক চালু করি।  

দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনী ওয়াদা অনুযায়ী সরকার প্রতিটি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে। সবাই যাতে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা পায় তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা তৃণমূলে মানুষের দোর গোড়ায় চোখের মেডিকেয়ার পরিষেবা পৌঁছানোর ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, কমিউনিটি ভিশন সেন্টার থেকে চিকিৎসা নিয়ে অনেকেই অন্ধ হওয়া থেকে রক্ষা পেয়েছেন। এটি একটি জাতি হিসাবে আমাদের জন্য বড় অর্জন কারণ, অনেক মানুষ অন্ধত্ব থেকে মুক্তি পেয়েছেন।

তিনি বলেন, স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সকল বিভাগে মেডিকেল বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার পদক্ষেপ রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে (ডিএমসি) ৫ হাজার শয্যার হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা সরকারের রয়েছে। 

প্রধানমন্ত্রী জানান সাধারণ ও বিশেষায়িত হাসপাতালের পাশাপাশি শিশু হাসপাতালগুলোকে উন্নত করার মাধ্যমে স্বাস্থ্য সেবাকে যুগোপযোগী করা হচ্ছে। প্রতি বিভাগে শিশু হাসপাতাল করা প্রয়োজন বলে আমি মনে করি। বিভাগীয় হাসপাতালগুলোতে শিশুদের বিশেষ যত্ন ও চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া দরকার। সেক্ষেত্রে বেসরকারি পর্যায়েও যেন হাসপাতাল গড়ে ওঠে। 

প্রধানমন্ত্রী বলেন, প্রতি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টার আমরা স্থাপন করছি। একটা বেজ হাসপাতাল রেখে সেখান থেকে এসব সেন্টারগুলোতে টেলিকমিউনিকেশনের মাধ্যমে তাদের পরীক্ষা করা হচ্ছে এবং চিকিৎসা দেয়া হচ্ছে। আর ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই এই সুযোগ আমরা তৈরি করতে পেরেছি। পর্যায়ক্রমে সব উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার প্রতিষ্ঠা করা হবে।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে চট্টগ্রামে বাশখালী উপজেলা আওয়ামী লীগের নবনির্মিত প্রধান কার্যালয়ও উদ্বোধন করেন। সম্পাদনা: খালিদ আহমেদ