প্রকাশিত: Wed, Jan 25, 2023 1:40 PM
আপডেট: Tue, Apr 28, 2026 10:35 AM

অ্যানড্রয়েডে বিজয় কি-বোর্ড ব্যবহার বাধ্যতামূলক নয়: মন্ত্রী

আনিস তপন: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, অ্যানড্রয়েড ফোনে বিজয় কি-বোর্ড ব্যবহার বাধ্যতামূলক নয়। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেছেন, অ্যানড্রয়েড ফোনে বিজয় কি-বোর্ডের সফটওয়্যার ব্যবহারের বিষয়টি আইনের, এ নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। তবে আমি একটি ব্যাখ্যা দিতে চাই, সেটি হচ্ছে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) বাধ্যতামূলক শব্দটি ব্যবহার করেছে। এই শব্দটি সঠিক নয়, এটি বিভ্রান্তিকর।

তিনি বলেন, যেকোনো অ্যানড্রয়েড ফোনে আপনি যেকোনো সফটওয়্যার রাখতে পারেন, আবার আনইনস্টলও করতে পারেন। আপনার ফোনে আপনি কোন সফটওয়্যার রাখবেন এটি একান্ত আপনার বিষয়। অতএব বাধ্যতামূলক শব্দ প্রয়োগ করার কিছু নেই, এটি বাধ্যতামূলক নয়।

মন্ত্রী বলেন, বাধ্যতামূলক বলা হয়েছে শুধু উৎপাদক অথবা আমদানিকারকদের জন্য। কারণ তিনি বাংলা লেখার সুবিধা তৈরি করে দেওয়ার জন্য বিজয় সফটওয়্যারটি ফোনে ইনস্টল করে দেবেন। এর পর ব্যবহারকারী সেই সফটওয়্যার ব্যবহার করবে কি করবে না, সেটি সম্পূর্ণ তার এখতিয়ার। সম্পাদনা: সালেহ্ বিপ্লব