প্রকাশিত: Mon, Feb 20, 2023 10:40 AM
আপডেট: Fri, Jun 12, 2026 10:35 PM

অভিযুক্ত অন্তরা ও তাবাসসুমকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি

মোস্তাক ইমন: আইন বিভাগের সভাপতি ও তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মণ্ডলের অফিস কক্ষে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা ও তাবাসসুমকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্ত কমিটির সদস্যরা।

প্রায় চার ঘণ্টায় দুই দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের। এর আগে প্রক্টরিয়াল বডির গাড়িতে তাদের নিয়ে আসা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্ত ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা সাংবাদিকদের জানান, কমিটি আমার থেকে চার পৃষ্ঠার স্বাক্ষরিত লিখিত বক্তব্য নিয়েছেন।

ওই রাতে কী ঘটেছিলো জানতে চাইলে তিনি বলেন, আমি এসব বলতে চাচ্ছি না। তদন্তের মাধ্যমেই আপনারা এসব জানতে পারবেন। 

ছাত্রলীগের কমিটিতে পদ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, কমিটিতে আসা বা না আসা এগুলোও ব্যাপারে আমি কমেন্ট করতে পারি না। আপনারা বড়দের সাথে কথা বললে এই বিষয়ে জানতে পারবেন

অভিযুক্ত তাবাসসুম বলেন, তদন্তের স্বার্থে আমি কিছুই বলছি না। সবকিছু আমি তদন্ত কমিটিকে জানিয়েছি। রিপোর্ট জমা দিলে আপনারা সব জানতে পারবেন।

জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মণ্ডল জানান, জিজ্ঞাসাবাদে কী পেলাম, আপাতত প্রকাশ করা যাবে না। তদন্ত শেষে রিপোর্ট দিলে জানতে পারবেন। 

হলের সিসিটিভি ফুটেজ না থাকার বিষয়ে ড. রেবা মণ্ডল জানান, প্রভোস্টকে আামরা বলেছি সিসিটিভির ফুটেজ আমাদের কাছে সরবরাহ করার জন্য। ওনারা দিতে পারেননি এখনো। 

সিসিটিভির কোনো সমস্যা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এসব আমরা জানি না। আমরা শুধু সিসিটিভির ফুটেজ চেয়েছি এবং আমরা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টায় আছি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব