প্রকাশিত: Tue, Mar 7, 2023 11:32 AM
আপডেট: Sat, Jun 13, 2026 2:41 AM

ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

এম এম লিংকন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এছাড়া ১৪ দলীয় জোটের নেতারাও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করেছেন। 

মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ শ্রদ্ধা নিবেদন করে। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শাজাহান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবু-উল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কুষ্টিয়ার মিরপুর উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

মেহেরপুর, ময়মনসিংহ, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, নওগাঁ, চুয়াডাঙ্গা, মাগুরা, বগুড়া, ভোলা, নড়াইল, নাটোর, শরীয়তপুর, কুষ্টিয়া, গাজীপুরসহ দেশের বিভিন্ন জায়গায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। 

১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এদিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

বঙ্গবন্ধুর একাত্তরের ৭ মার্চে দেওয়া ঐতিহাসিক ভাষণ পরবর্তীতে স্বাধীনতার সংগ্রামের বীজমন্ত্রে রূপ নেয়। দীর্ঘ ৯ মাস যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের প্রেরণা যোগায় এই ভাষণ। এ ভাষণ শুধুমাত্র রাজনৈতিক দলিলই নয়, জাতির সাংস্কৃতিক পরিচয় বিধানের একটি সম্ভাবনাও তৈরি করে। এই ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো। এ ছাড়াও এ ভাষণটি পৃথিবীর অনেক ভাষায় অনুদিত হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব