প্রকাশিত: Sun, Mar 19, 2023 2:13 AM
আপডেট: Fri, Mar 13, 2026 11:52 AM

ওমরাহ থেকে ফিরতেই বিমানবন্দরে গ্রেপ্তার, সন্তানসম্ভবা ও সেলিব্রিটি হিসেবে বিশেষ বিবেচনায় জামিন, অন্তঃসত্ত্বা জেনেও আমাকে নির্যাতন করেছে পুলিশ: মাহি

কারাগারে পাঠানোর সাড়ে ৩ ঘণ্টা পর জামিনে মুক্ত চিত্রনায়িকা মাহিয়া মাহি

মাসুদ আলম, হাসিব খান: ডিজিটাল নিরাপত্তা আইন ও জমি দখলের দুই মামলায় শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে মাহিয়া মাহিকে গ্রেপ্তার করে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল হোসেন প্রথমে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেলে মাহির আইনজীবী আবেদন করলে একই আদালত তাকে জামিন দেন। মাহির আইনজীবী আনোয়ার শাহাদাত সরকার বলেন, প্রেগনেন্সি ও সেলিব্রেটি বিবেচনায় তাকে আদালত জামিন দেন। তার মক্কেল আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই মামলা হওয়ার পরও দেশে চলে এসেছেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, সকাল ১০টা ৫০ মিনিটে সৌদি আরব থেকে বিজি ৩৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে মাহি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। মাহি বোরকা পরে বিমান থেকে নেমেছিলেন। বিমানবন্দরে মাহিকে হুইল চেয়ারেও দেখা যায়। দুপুর পৌনে ১২টায় ৯ মাসের অন্তঃসত্ত্বা মাহিকে গ্রেপ্তার করে গাজীপুর মহানগর পুলিশ। পরে গাজীপুর বাসন থানার মামলায় তাকে সাত দিনের রিমান্ড  চেয়ে আদালতে  তোলা হয়। তবে একই মামলার আসামি তার স্বামী রকিব সরকার পলাতক রয়েছেন। শুক্রবার রাতে বাসন থানার এসআই মো. রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহি ও তার স্বামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এছাড়া মারধর, ভাঙচুর, চাঁদা দাবি ও জমি দখলের অভিযোগ এনে মাহি ও তার স্বামী রকিব সরকারকে আসামি করে বাসন থানায় আরও একটি মামলা করেন স্থানীয় ইসমাইল হোসেন ওরফে লাদেন। এ মামলায় ২৮ জনকে আসামি করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, তিনি আরও বলেন, মাহিয়া মাহি বাংলাদেশ পুলিশ,  গাজীপুর মহানগর পুলিশের বিরুদ্ধে ফেসবুক লাইভে মিথ্যা মন্তব্য করেছেন। এটা আমাদের কষ্ট লেগেছে। এ ধরনের বক্তব্য তার কাছে প্রত্যাশা করি না। তিনি এ ধরনের মন্তব্য করার অধিকার রাখেন না। রকিবের বিরুদ্ধে এর আগে অস্ত্র, হত্যা ও ধর্ষণের তিনটি মামলা রয়েছে। মামলাগুলোতে কেউ স্বাক্ষী দেননি। তবে এখন মামলা গুলো পুনরায় তদন্ত ও সাক্ষ্য গ্রহণের সুযোগ রয়েছে। 

জানা গেছে, শুক্রবার ভোরে স্বামীর সঙ্গে ওমরাহ পালনরত মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে স্বামী রকিবের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন।

এ সময় তিনি দাবি করে বলেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে ‘সনিরাজ কার প্যালেস’ নামে তার স্বামীর একটি গাড়ির শোরুম রয়েছে। সেখানে দুর্বৃত্তরা হামলা করেছে। তারা শোরুমের গেট ভেঙে ভেতরে ঢুকে আসবাব, দরজা-জানালা, টেবিল-চেয়ার ভাঙচুর করেছে। শোরুমের সাইনবোর্ড খুলে ফেলেছে। অফিসকক্ষ তছনছ করে টাকাপয়সা লুট করে নিয়ে গেছে। ইসমাইল হোসেন ওরফে লাদেন ও মামুন সরকার নামে দুজনের নেতৃত্বে ওই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন মাহি। এ সময় ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে দেড় কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন মাহি।

মাহি ও রকিব সরকার লাইভে আরও বলেন, গাজীপুর পুলিশ আমাদের সিকিউরিটিসহ অন্যান্যদের অ্যারেস্ট করেছে। আমাদের শো-রুম থেকে সবাইকে বের করে দিচ্ছে। বলেছে, না বের হলে গুলি করবে। পুলিশ কখনো এগুলো করতে পারে? আমরা সকালে এয়ারপোর্টে নামব। হয়তো আমাদেরও গ্রেপ্তার করবে। 

পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইন এবং জমি দখল ও মারধরের দুই মামলাতে জামিনে মুক্তি পেয়ে রাত ৮টার দিকে সংবাদ সম্মেলন করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গাজীপুরে চান্দনা চৌরাস্তার তেলিপাড়ায় একটি রেস্টুরেন্টে  আয়োজিত সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, গ্রেপ্তারের পর থেকে  পুলিশ নানাভাবে আমাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে নির্যাতন করে। আমি প্রেগন্যান্ট বলার পরেও পানি খেতে চাইলে প্রায় একঘণ্টা পানি দেয়নি। তবে কারাগারের ভেতরে জেলারসহ অন্যান্যরা খুব মানবিক। 

তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বক্তব্য বিতর্কিত দাবি করে শঙ্কা প্রকাশ করেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব