প্রকাশিত: Sun, Apr 9, 2023 12:42 AM
আপডেট: Sat, Jun 13, 2026 10:24 AM

ব্যবসায়ীদের দ্বন্দ্বে বঙ্গবাজারের আগুন কি না, খতিয়ে দেখা হচ্ছে বললেন ডিএমপি কমিশনার

মাসুদ আলম: খন্দকার গোলাম ফারুক বলেন, রাজধানীর বঙ্গবাজারে মার্কেটের জায়গায় বহুতল ভবন নির্মাণ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বিরোধ ছিল, এই দ্বন্দ্বের কারণে সেখানে আগুনের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিসের অফিসে হামলা পূর্বপরিকল্পিত। ফায়ার সার্ভিসের কর্মী ও কার্যালয়ে হামলায় অংশ নেওয়া ১১ জনকে আটক করা হয়েছে। তাদের উদ্দেশ্যও খতিয়ে দেখা হচ্ছে। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, বঙ্গবাজারে আগুনের ঘটনায় কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস তদন্ত কমিটি করেছে। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। তদন্তে বেরিয়ে আসবে আগুনের কারণ। ঢাকার আদালত থেকে জঙ্গি আসামি ছিনতাইয়ের ঘটনায় মূল সমন্বয়ক ফাতিয়া তাসনিম শিখা ও তার আশ্রয়দাতা হুসনা আক্তার হুসনাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। এদের মধ্যে ফাতিয়া তাসনিম শিখা পালিয়ে যাওয়া জঙ্গি আবু সিদ্দিক সোহেলের স্ত্রী। তবে ছিনতাই করে নিয়ে যাওয়া জঙ্গিদের গ্রেপ্তার করা যাচ্ছে না কেন? জানতে চাইলে তিনি বলেন, আদালত থেকে জঙ্গি ছিনতাই নিয়ে তদন্তে তাদের আইনের আওতায় আনতে সময় লাগছে। তারা স্বাভাবিক মোবাইল বা তথ্যপ্রযুক্তি ব্যবহার না করায় ধরা কঠিন হয়ে গেছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব