প্রকাশিত: Sat, Apr 15, 2023 11:29 PM
আপডেট: Sat, Jun 13, 2026 11:27 AM

৩১ বেকার যুবকে মূলধন সহায়তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আনিস তপন: নিজ নির্বাচনী এলাকার অভাবী, দরিদ্র, হতদরিদ্র কর্মক্ষম মানুষের কর্মসংস্থান তৈরীর লক্ষ্যে নিজ অর্থ দিয়ে তাদের সহায়তা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার এরই ধারাবাহিকতায় মনিপুরীপাড়ার বাসভবনে এই যুব ও যুব মহিলাকে অর্থ সহায়তা করেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল এসব যুবক ও নারীদের ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হতে মূলধন প্রদান করেন। সুবিধাভোগী এসব যুবক ও নারীদের কেউ কেউ ক্ষুদ্র ব্যবসায়ী, পান, টং দোকান, অল্প পুঁজির শাড়ি কাপড়ের ব্যবসায়ী, রিক্সা-ভ্যান চালক। এসব  সুবিধাভোগীদের প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ এক লক্ষ টাকা এবং সর্বনিম্ন ত্রিশ হাজার টাকা মূলধন হিসেবে দিয়েছেন মন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, ‘কর্মসংস্থানের প্রয়াস’ আমার ব্যক্তিগত একটি ক্ষুদ্র প্রচেষ্টা। 

শুধু মূলধন দেওয়াই শেষ নয়। যে মূলধন আজ তাদের দেয়া হল, তা সঠিকভাবে কাজে লাগছে কিনা, তারা আন্তরিকতার সঙ্গে নিজের অবস্থান পরিবর্তনে কাজ করছে কিনা- সেসব পর্যালোচনা করা হবে। এর মধ্যে অর্ধেক সুবিধাভোগীও যদি সফল হয়, তবে আমার লক্ষ্য অর্জিত হবে।

কামাল বলেন, আর আগে আমি পরীক্ষামূলকভাবে বেশ কয়েকজনকে ব্যবসায়িক মূলধন দিয়েছি। তাদের সফলতা দেখে অনুপ্রাণিত হয়ে আজ দ্বিতীয় দফায় ৩১ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে সহায়তার লক্ষ্যে অর্থ (মূলধন) দেয়া হয়েছে। প্রত্যাশা থাকবে আজকের গ্রহীতারা যেন স্বাবলম্বী ও সফল হতে পারে। আর এভাবেই ‘কর্মসংস্থানের প্রয়াস’ কে অনেক দূর এগিয়ে নিতে পারবো। সম্পাদনা: সালেহ্ বিপ্লব