প্রকাশিত: Wed, May 17, 2023 10:50 AM
আপডেট: Sat, Jun 13, 2026 4:40 PM

রাষ্ট্রদূতরা অর্থ দিয়ে অতিরিক্ত নিরাপত্তা নিতে পারবেন ভিআইপিদের নিরাপত্তায় আনসার গার্ড রেজিমেন্ট থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী


এম এম লিংকন: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পর্যায়ক্রমে সবাইকে গার্ড রেজিমেন্টের সিকিউরিটিতে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি আমরা। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতরা রুট প্রটেকশন চাইলে  আমাদের সবকিছু রেডি আছে। তারা চাইলেই পেয়ে যাবেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ বাস্তবায়নে গঠিত টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের  এ কথা বলেন তিনি।  

দেশে জঙ্গি উত্থানের সময় সন্ত্রাসের একটা রাজত্ব হয়েছিল উল্লেখ করে  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  তখন চারটি দূতাবাসকে আমরা প্রটেকশন মানে রুট প্রটেকশন দিতাম। এটা কিন্তু লিখিতভাবে আমাদের দেওয়া হয়নি কিংবা তারাও আমাদের অনুরোধ করেনি। আমরাই তাদের দিয়েছিলাম যাতে করে তারা কোনোভাবেই অসুবিধায় না পড়ে। এই চারটির বাইরে আমরা কাউকেই প্রটেকশন দিইনি। 

এখন আর সেই পরিস্থিতি নেই উল্লেখ করে তিনি বলেন, এ জন্যই এই রুট প্রটেকশনটা আমরা উঠিয়ে নিয়েছি। তারপরও যদি কোনো রাষ্ট্রদূত মনে করেন তাদের প্রয়োজন হবে তাহলে নতুন করে আমরা যে আনসার গার্ড রেজিমেন্ট তৈরি করেছি সেই গার্ড রেজিমেন্টই এ প্রটেকশনের দায়িত্বে থাকবে। এটা অন পেমেন্ট দিতে হবে। তাদের যে খরচ সেই খরচ সেই দূতাবাসকে দিতে হবে এবং সেই অনুযায়ী আমরা তাদের ব্যবস্থা করব।

কোন দূতাবাস এ নিরাপত্তা সুবিধার জন্য আবেদন করেছে কি না, এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আমরা তো মাত্র জানালাম। এখন যার যার প্রয়োজন হবে জানাবে। 

প্রত্যেকটা দূতাবাসেই আমাদের পুলিশের প্রটেকশন রয়েছে উল্লেখ করে কামাল বলেন, তাদের সিকিউরিটির জন্য এবং যে সব রাষ্ট্রদূতের কথা বললাম চারজন তাদের জন্য গানম্যানও রয়েছে। সব ধরনের প্রটেকশন রয়েছে। শুধু সড়কের প্রটেকশন উইথড্রো করেছি।  সম্পাদনা: শামসুল হক বসুনিয়া