প্রকাশিত: Sat, May 20, 2023 2:25 PM
আপডেট: Fri, Mar 13, 2026 11:41 PM

নকল ও ভেজালকারী ব্যবসায়ীদের কালো তালিকাভুক্ত করুন: শিল্পমন্ত্রী

তারিক আল বান্না: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ূন শনিবার রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই’র প্রধান কার্যালয়ে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৩ উপলক্ষে ‘পরিমাপ বৈশ্বিক খাদ্য ব্যবস্থার সহায়ক’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি এ আহ্বান জানিয়েছেন। বাসস

তিনি  বলেন, অনেক ভালো ব্যবসায়ী আছেন, যারা আন্তর্জাতিক মানের পণ্য বাজারজাত করে বিশ্ব বাজারে দেশের সুনাম বৃদ্ধি করছেন। কিন্তু কিছু নকল ও ভেজালকারী ব্যবসায়ী রয়েছেন যারা এ হীন কাজ করে যাচ্ছেন। ব্যবসায়ী নেতৃবৃন্দের উচিত তাদেরকে কালো তালিকাভুক্ত করে বাদ দেয়া।

অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্পসচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মোঃ জসিম উদ্দিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোঃ হেলাল উদ্দিন, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ নাজমুল হক ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাবেক সভাপতি ডা. দিলীপ রায় বিশেষ অতিথি ছিলেন, সভাপতিত্ব করেন বিএসটিআই’র মহাপরিচালক মোঃ আবদুস সাত্তার। জাগো নিউজ

সূচনা বক্তব্য দেন বিএসটিআই পরিচালক (মেট্রোলজি) প্রকৌশলী সাজ্জাদুল বারী। বাজুস সভাপতি সায়েম সোবহান আনভীরের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের উপদেষ্টা মোঃ রুহুল আমিন রাসেল। 

শিল্পমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রতিটি পণ্য যেন দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সমাদৃত হয়, আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। বিএসটিআই সফলভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে।’ নকল ও ভেজালরোধে তিনি সরাসরি উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিএসটিআই’র অভিযান পরিচালনার নির্দেশ দেন।

শিল্প  প্রতিমন্ত্রী ভেজাল পণ্য উৎপাদন ও ওজনে কম দিলে যাবজ্জীবন কারাদন্ড এমনকি মৃত্যুদন্ডের বিধান রেখে আইন প্রণয়ন করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

শিল্প সচিব বলেন, নকল ও ভোজালরোধে যে আইন রয়েছে তার কঠোর প্রয়োগ হলে নকল ও ভেজাল অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। সম্পদ ও জনবলের সীমাবদ্ধতা থাকা সত্বেও সর্বোচ্চটুকু দেয়ার মানসিতা নিয়ে কাজ করে গেলে কোন কিছু কঠিন নয় বলেও তিনি মনে করেন।

এফবিসিসিআই  প্রেসিডেন্ট বলেন, খাদ্যে ভেজাল সম্ভবত বাংলাদেশে সবচেয়ে বেশি। এরফলে নানা জটিল রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। সম্পাদনা: এল আর বাদল