প্রকাশিত: Mon, Jun 19, 2023 9:35 PM
আপডেট: Wed, Apr 29, 2026 11:54 AM

ব্রিকসে যোগ দিতে বাংলাদেশের আনুষ্ঠানিক আবেদন

মোস্তাফিজুর রহমান: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার আন্ত:রাষ্ট্রীয় জোট ব্রিকসে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার, ১৪ জুন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সাইরিল রামাপোসার সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্ত নিয়েছেন। সূত্র: বাংলা ট্রিবিউন

এ বছর আগস্টে ব্রিকসের পরবরতী শীর্ষ সম্মেলন হবে দক্ষিণ আফ্রিকায়। ব্রিকসের বর্তমান চেয়ারম্যান দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেডি পান্ডোর কাছে এ বিষয়ে একটি আগ্রহপত্র পাঠিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ঢাকা ট্রিবিউনকে বলেন, ‘হ্যাঁ আমরা আমাদের আগ্রহ প্রকাশ করে জোটে যোগ দেওয়ার জন্য আবেদন করেছি।’

সংগঠনের সদস্যদের এবং অন্য দেশগুলোকে সহায়তা করার জন্য ব্রিকস ২০১৫ সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা করে। ওই ব্যাংকের সদস্যপদ পাওয়ার জন্য কূটনৈতিক যোগাযোগ শুরু করলে প্রতিষ্ঠাকালীন সদস্যদের পরে প্রথম দেশ হিসাবে ব্যাংকটিতে যোগ দেয় বাংলাদেশ। সম্পাদনা: রাশিদ