প্রকাশিত: Fri, Jan 6, 2023 10:23 AM
আপডেট: Fri, Jun 12, 2026 10:17 AM

ব্রাহ্মণবাড়িয়ার বিচারকের সঙ্গে দুর্ব্যবহারের বিচার আদালত করবে: আইনমন্ত্রী

এইচএম পারভেজ : ব্রাহ্মণবাড়িয়ার আদালতে বিচারকের সঙ্গে আইনজীবীদের খারাপ আচরণের যে অভিযোগ উঠেছে তার বিচার আদালতে হবে বলে জানিয়েছেন আনিসুল হক। শুক্রবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান। মন্ত্রী কসবায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে ট্রেনে আখাউড়ায় পৌঁছান।

আনিসুল হক বলেন, ‘আমি জানি। এখন কথা হচ্ছে যে, বিচার বিভাগ স্বাধীন। মাননীয় প্রধান বিচারপতির কাছে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক এবং অন্য বিজ্ঞ বিচারকরা তার কাছে কমপ্লিন করেছেন, ভিডিও পাঠিয়েছেন।  সেখানে দেখা গেছে, একজন বিচারকের প্রতি তাদের আচরণ খুব খারাপ ছিল, সেটা আমি শুনেছি। সেই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কনডেমট রুল জারি করেছেন। এটা এখন বিচারকদের ব্যাপার। আদালত বিচার করবেন।

বিএনপি নেতা মির্জা ফখরুলের জামিনের বিষয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, সরকার আদালতের কোনো মামলার বিষয়ে হস্তক্ষেপ করে না। আদালত স্বাধীনভাবে সিদ্ধান্ত দিচ্ছে। আমি অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে যে কথা শুনেছি, হাইকোর্ট থেকে যে জামিন দেয়া হয়েছিল, সেখানে আইনের ব্যৎয়য় হয়েছে। যে কারণে তিনি আপিল বিভাগে গেছেন। সম্পাদনা: খালিদ আহমেদ