প্রকাশিত: Wed, Jan 11, 2023 1:15 AM
আপডেট: Fri, Jun 12, 2026 11:06 AM

রাজনীতি যেন পঙ্গু না হয়

প্রবীর বিকাশ সরকার

অনেকেরই জীবনে এমন একটা সময় আসে যখন আর হাঁটাচলা করা সম্ভবপর হয়ে ওঠে না। আমার শহরে বেশ কয়েকজন বৃদ্ধ ও বৃদ্ধাকে দেখি কুরুমাইসু বা হুইলচেয়ার ব্যবহার করতে। দেখে ভাবি, আমারও হয়তো এমন একটি গাড়ির দরকার হবে। এখন নানা ধরনের স্বয়ংক্রিয় হুইলচেয়ার দেখা যায়। গাড়ির মতোই ড্রাইভ করা যায় সহজেই। কিন্তু রাস্তাঘাট হতে হবে তেমনই, মসৃণ এবং নিরাপদ। জাপানে সর্বত্র হুইলচেয়ার চলাচলবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে বিগত দুই দশকে। মোটর গাড়ি, রেল, বাস, জাহাজ, বিমান সবকিছুতেই রয়েছে অসাধারণ সুবিধাজনক ব্যবস্থা। শুধু তাই নয়, হোটেল, শপিং মল, বাজার এবং রেস্টুরেন্টেও হুইলচেয়ার নিয়ে পানভোজন, কেনাকাটার ব্যবস্থাকে সহজায়ন করার ক্ষেত্রে জাপানিদের তুলনা নেই। হাসপাতালের সুযোগ-সুবিধার কথা আর নাই বা বললাম। এমনকি, অফিস-আদালতে হুইলচেয়ারে বসে কাজ করার উদাহরণ জাপানে বিদ্যমান। 

এতো যে আধুনিক সুযোগ-সুবিধা এই দেশে তারপরও কেন্দ্রিয় সরকার, স্থানীয় সরকার এবং নগরপ্রশাসনকে জনগণের কাছ থেকে নানা ধরনের মোনকু বা কটূকথা শুনতে হয়। জীবনব্যবস্থা আরও স্বচ্ছ, আরও স্বাচ্ছন্দ্যময় করতে হবে। শহরনগরগ্রাম, বন্দর-পর্বত-পর্যটনকেন্দ্র আরও সুন্দর হতে হবে। পারফেশন চাই। না পারার জবাবদিহিতাও চাই। 

অপারগতা, অন্যায়, অপরাধের শাস্তি ও জরিমানা বাধ্যতামূলক করা চাই। কেননা, সর্বপ্রকার ট্যাক্স, কর ও শুল্ক আমরা পরিশোধ করছি। তার ব্যবহার ও হিসাব প্রকাশ করতে হবে নিয়মিত প্রশাসনিক দায়দায়িত্ব থেকে। জনগণের সবকিছু জানার ও মতামত প্রকাশের অবাধ অধিকারই গণতন্ত্র। চুরি, দুর্নীতি, আত্মসাৎ এবং অর্থ অপব্যবহারের কোনো সুযোগ নেই। আর জাপানি জগণনের সবচেয়ে বড় আস্থার জায়গা গণমাধ্যম, যদিও সম্পূর্ণ দায়িত্ব গণমাধ্যম পূরণ করতে পারে না সঙ্গত কারণেই। কিন্তু যতখানি দায়দায়িত্ব পালন করে থাকে তাতেই অস্থির থাকতে হয় সরকারগুলোকে। রাজনীতিবিদ হওয়া জাপানে সবচেয়ে কঠিন কাজ। আর যদি রাজনীতিবিদ হতে চাও পিঠে কুলো বেঁধে পথে নামতে হবে, বৈরাগী হতে হবে। তাই রাষ্ট্র ও জনগণের সুযোগ-সুবিধা যতো বেশি স্বচ্ছ, অর্থবহ, গতিশীল এবং পারফেক্ট করা যায় তার চিন্তায় দৌড়ের ওপর আছে জাপানি রাজনীতিকরা।  তারপরও জাপানি রাজনীতি দুর্বল দেশ-বিদেশে। কেন সে নিয়েও একদিন কথা বলব। বাংলাদেশের জন্য শিক্ষণীয় হতে পারে। মনে রাখতে হবে রাজনীতি দেশ ও জগণের প্রধান নিয়ন্তা। রাজনীতি পঙ্গু হওয়া মানে নিজের পায়ে কুড়াল মারা! লেখক ও গবেষক