প্রকাশিত: Sat, Feb 11, 2023 12:43 AM
আপডেট: Fri, Jun 12, 2026 10:30 PM

লাথি মেরেই ওরা অন্ধকার দূর করবে একদিন

ইমতিয়াজ মাহমুদ : বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের মেয়েদের শুভেচ্ছা ও অভিনন্দন। ফাইনালে নেপাল দলের বিরুদ্ধে ওরা জিতেছে ৩-০ গোলে। বয়সভিত্তিক দল, ওদের তো আমরা ছোট হিসাবেই দেখি। যদিও আমাদের জাতীয় দলেরও বেশির ভাগ খেলোয়াড়ই কম বয়সী, তরুণ। এই দলটার অধিনায়ক শামসুন্নাহার আর ওর বডি ল্যাঙ্গুয়েজ, এটিটিউড সব কিছুই বেশ ভালো লাগে। কী আত্মবিশ্বাস। ক্রিকেটে মাশরাফি ছাড়া কোনো খেলায় কোনো দলেরই আর কোনো অধিনায়ককে আমি এইরকম আত্মবিশ্বাসী দেখিনি। বেশ লেগেছে। 

এটা ছিলো দক্ষিণ এশিয়ার চার দলের ছোট একটা টুর্নামেন্ট। ছোট বলছি, বিশ্ব ফুটবলের প্রেক্ষাপটে। তবুও এই জয় আমাদের মেয়েদের ভবিষ্যৎ যাত্রায় আত্মবিশ্বাস সৃষ্টিতে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে নিশ্চয়ই। এছাড়া যেরকম সামাজিক প্রেক্ষাপটে আমাদের মেয়েদের খেলতে হয়, যেরকম বৈরিতা ওদের মোকাবেলা করতে হয় নিয়মিত জয় ছাড়া সেইসব প্রতিবন্ধকতা মোকাবেলা করা ওদের জন্যে আরও কঠিন হয়ে যায়। ফুটবলে আমাদের মেয়েরা হচ্ছে আলোর পথের অগ্রপথিক। ওদের প্রতিটা জয়-  হক সেটা ম্যাচ জয় বা টুর্নামেন্ট জয়Ñ  আমাদের আশান্বিত করে। না, এইসব মেয়েরা ঠিকই জায়গামতোই লাথিটা মারতে পারবে। লাথি মেরেই ওরা অন্ধকার দূর করবে একদিন। অভিনন্দন মেয়েরা। বেঁচে থাক। লেখক: আইনজীবী। ফেসবুক থেকে