প্রকাশিত: Sat, Mar 4, 2023 12:30 AM
আপডেট: Sat, Jun 13, 2026 4:06 AM

কোক স্টুডিও বাংলার নতুন গান বনবিবি দেখে মুগ্ধতা কাটছে না!

শারফিন শাহ : কোক স্টুডিও বাংলার নতুন গান বনবিবি দেখলাম এবং শুনলাম। একবার নয়, একাধিকবার। মুগ্ধতা কিছুতেই কাটছে না! বাংলার লোকজ সংস্কৃতির এমন চমৎকার উপস্থাপন সত্যি বিস্ময়কর। কোক স্টুডিও বাংলা বাংলাই হয়ে উঠেছে। পশ্চিমা ঢঙ এতে নেই বললেই চলে। গানটি গেয়েছে মেঘদল। কণ্ঠে শিবু কুমার শীল ও জহুরা বাউল। গানটি রচনাতেও আছেন শিবু কুমার শীল, সঙ্গে মেজবাউর রহমান সুমন। 

এরা সবাই সুপারহিট হাওয়া চলচ্চিত্রের টিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক বন্ধুমহল। এই চারুকলা অনুষদকে নিয়ে আমার গর্ব অশেষ, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি বুকে ধারণ করে এরা চিত্রকলা তো বটেই, বইয়ের প্রচ্ছদ শিল্প, সংগীত, লেখালেখি, চলচ্চিত্র, অভিনয়, উৎসব সবখানে কৃতিত্বের ছাপ রেখে চলেছে। বৈষয়িক প্রলোভন এদের টানেনা, শিল্পের জন্যেই এদের যত সাধনা! চারুকলাকে আমার কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান মনে হয় না, মনে হয় শিল্পতীর্থ! লেখক: প্রাবন্ধিক ও গবেষক