প্রকাশিত: Tue, Dec 27, 2022 2:27 PM
আপডেট: Tue, Apr 28, 2026 12:15 AM

ঢাকা লিটফেস্টে টিকিট চালু যৌক্তিক হলেও প্রথম বছর হিসেবে টিকিটের দাম বেশি হয়ে গেছে

আরিফ জেবতিক: এই দেশে শিল্প-সংস্কৃতি কেউ পয়সা দিয়ে কিনে না, অধিকাংশই ফাও খেতে চায়। একজন নতুন লেখকের প্রথম বই প্রকাশিত হয়েছে, সে বেচারা আনন্দের সাথে ফেসবুকে পোস্ট করেছে। এর নীচে দেখবেন গুষ্টিশুদ্ধা সবাই এসে ‘সৌজন্য কপি’র জন্য ঘ্যান ঘ্যান করছে। একজন তরুণ হয়তো খুব কষ্ট করে ফটোগ্রাফি শিখেছে, নতুন ক্যামেরা কিনেছে। আত্মীয়-স্বজন বাচ্চার জন্মদিনের দাওয়াত দিয়ে বলবে, ‘ক্যামেরাটা নিয়ে আসিস।’ স্ট্রাগলিং একজন গানের শিল্পীকে অহরহ বলা হবে, ‘গিটার নিয়ে চলে আসিস।’ টাকাপয়সার কোনো আলাপ কিন্তু কেউ করে না। 

এতো বড় লিটফেস্ট আয়োজন করা কোটি কোটি টাকার মামলা। বড় বড় লেখকদের আনা-নেওয়া, থাকা-খাওয়া এসবে গুচ্ছের টাকা খরচ হয়। পুরোটা স্পনসরদের মাধ্যমে জোগাড় করতে উদ্যোক্তাদের হিমশিম খাওয়ারই কথা। যারা এটি উপভোগ করবেন, তাঁদের উচিত এই খাইখরচার টাকাটা টিকিটের মাধ্যমে শেয়ার করা। আমি মনে করি, ঢাকা লিটফেস্টে টিকিট চালু করার বিষয়টি যৌক্তিক, তবে প্রথম বছর হিসেবে টিকিটের দাম বেশি হয়ে গেছে। মানুষের অভ্যস্ততার একটি বিষয় আছে, প্রথম বছর দুইশ টাকা করে পরের বছর পাঁচশ টাকা করা যেত। ছাত্রদের জন্য সবসময় ফ্রি রাখা দরকার। এটি সামাজিক দায়বদ্ধতার অংশ। লিটফেস্টর জন্য শুভেচ্ছা। লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট