প্রকাশিত: Fri, Jan 6, 2023 10:37 AM
আপডেট: Fri, Jun 12, 2026 10:09 AM

আমি ও যৌগআমি

মঈন চৌধুরী

ভাষাকেন্দ্রিক দ্যোতক/দ্যোতনা আর মধ্যবর্তী অর্থ-কেন্দ্রিক ক্রিয়াকর্মের এই বিশ্বে ‘আমি’ তার মৌলিক রূপ ও স্বরূপ খুঁজে পায় মস্তিষ্কের জৈব নিউরন কোষের গাণিতিক ও যান্ত্রিক কর্মকাণ্ডে। আমরা তোমাদেরকেও খুঁজতে পার ওই আলোকিত গণিত সম্মেলনে, ওখানে ‘আমি’কেও পাবে। যদি খুঁজে পাও ‘আমি’কে, তবেই তৈরি হবে নতুন এক ‘যৌগআমি’, ‘তুমি’ কিংবা ‘তোমাদের’ সংশ্লেষণে ও বিবর্তনে। আমরা এই সংশ্লেষণ আর বিবর্তন মেনে নিয়ে এগিয়ে যেতে পারি, যাওয়া সম্ভব। ওপর যা লিখা হলো, তার সম্পূর্ণ অর্থ বুঝতে হলে আমি’র যোগ হওয়ার বিষয়টা ভালো করে বুঝতে হবে। জন্মের পর একজন ‘আমি’ কখনোই মৌলিক সত্তা নিয়ে অবস্থান করতে পারে না। জীবন ও জগৎ প্রতিদিন একজন ‘আমি’কে নতুন এক যৌগ-সত্তায় নিয়ে যাচ্ছে। ‘আমি’ হয়ে যাচ্ছে, আমি= আমি + বাবা + মা + ভাইবোন + শিক্ষকবৃন্দ + সমাজ + পরিবেশ+রবীন্দ্রনাথ + আইনস্টাইন + সক্রেটিস + বিভিন্ন ধর্মগুরু + সমকালীন দেশী ও বিদেশী কবি, সাহিত্যিক, দার্শনিক, রাজনীতিবিদ, গডফাদার মাস্তান + তুমি ও তোমরা। মৌলিক আমি অবস্থান করা অসম্ভব। 

আর তাই, আমি কোনো একক নই, আপনাদের সবাইকে ধারণ করে প্রতিদিন জন্ম নিচ্ছে নতুন এক ‘আমি’। আপনাদের ছবি, চিন্তা, চেতনা, ভালবাসা, ঘৃণা, সহানুভূতি সবই জায়গা করে মিশে যাচ্ছে আমার অন্তর চেতনায়। আমি বুঝতে পারি আমার মাঝে আছে দিঙনাগ, বসুবন্ধু, নাগেশ ভট্ট, হেরাক্লিটাস, সক্রেটিস, প্লাতো, দেকার্ত, হেগেল, শোপেনহাওয়ার, হাইডেগার, দেরিদা, লাঁকা, পপার, রবীন্দ্রনাথ, জীবনানন্দ, আল মাহমুদ, শামসুর রাহমান এবং আরো অনেকেই। আমি কখোনই একক ‘আমি’ হতে পারবো না আর। আমি এক যৌগ আমি। এখন একজন আমি কোনো ‘আমি’কে নিয়ে যৌগআমি হবে, তা নির্ভর করবে তার পাঠ, পঠন আর পরিবেশের ওপর। মনে রাখতে হবে যে, সুন্দর যৌগআমি গঠন করে এগিয়ে যাওয়াই আমাদের কাজ। ফেসবুক থেকে