প্রকাশিত: Thu, Dec 8, 2022 3:25 PM
আপডেট: Thu, Mar 12, 2026 10:23 AM

স্বরাষ্ট্রমন্ত্রীর সাফ কথা, রাস্তায় সমাবেশ করা যাবে না, বিএনপি চাইলে কালশী মাঠে যেতে পারে

মাসুদ আলম: বৃহস্পতিবার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, শান্তিপূর্ণভাবে দলীয় কাজ করেন। আপনারা মিছিল করেন, মিটিং করেন কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা ভাঙচুর করবেন, জানমালের ক্ষতি করবেন, আহত করবেন তখন তো নিরাপত্তা বাহিনী বসে থাকবে না। তাদের কাজই তো প্রটেকশন দেওয়া। তিনি বলেন, পরিস্থিতি নাজুক হয়েছে সেটা আমরা মনে করি না। পরিস্থিতি সবসময় আমাদের নিয়ন্ত্রণে আছে। তাদের শুভবুদ্ধির উদয় হোক, একগুঁয়েমি ছেড়ে হয় তারা সোহরাওয়ার্দী উদ্যানে আসুক, বিরাট সমাবেশ করুক, আমরাও দেখি, দেশবাসীও দেখবে; নয়ত তারা কালশী মাঠে যাক। এরপরও আলোচনা হতে পারে। তারা আসুক ডিএমপি কমিশনারের সঙ্গে বসুক।

পুলিশের অ্যাকশনে যাওয়ার কারণ জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এছাড়া কোনো উপায় ছিল নাকি? পুলিশ যেভাবে মার খাচ্ছিল, এছাড়া কোনো উপায় ছিল না। পুলিশ হামলা করেনি, তল্লাশি করেছে। ভাঙচুর হতে পারে, বিএনপির সমর্থকরা নিশ্চয় ধাক্কাধাক্কি করেছে। সেক্ষেত্রে পরিস্থিতি হয়তো সেরকম হতে পারে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব