প্রকাশিত: Thu, Mar 9, 2023 11:01 AM
আপডেট: Fri, Jun 12, 2026 12:50 PM

মুক্তির মেয়াদ বৃদ্ধির আবেদন

স্বরাষ্ট্র থেকে আইন মন্ত্রণালয়ে বেগম খালেদা জিয়ার ফাইল

আনিস তপন: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে অন্তর্বর্তীকালীন মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করেছেন তার ভাই শামীম ইস্কান্দার। বৃহস্পতিবার সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ছয় দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেয়া আবেদনটি আইন মন্ত্রণালয়ে এসেছে। তবে শর্তযুক্ত মুক্তির মেয়াদ আরও বাড়ানোর আবেদনটি এখনো আমার কাছে উপস্থাপন করা হয়নি। এটি আইন মন্ত্রণালয় থেকে মতামত দিয়ে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

বিদেশে খালেদা জিয়া চিকিৎসা নিতে পারবেন কিনা? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখনো জানি না ফাইলের মধ্যে কী আছে। খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন কি না- এ বিষয়ে আনিসুল হক বলেন, এটা ডেড ইস্যু, এ বিষয়ে এখন কিছু বলবো না।

খালেদা জিয়ার পরিবার এবার স্থায়ী জামিন চেয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, জামিন দেওয়ার এখতিয়ার আদালতের, সরকারের নয়। প্রথমবার যখন তার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয়, তখন দুটি শর্ত দেওয়া হয়। দুটি শর্তের মধ্যে রয়েছে- তিনি ঢাকায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না। শেষবার যখন মেয়াদ বাড়ানো হয় তখনো এ শর্তগুলো ছিল। এবারও আগের শর্তই বহাল থাকবে বলে মনে করি।

উল্লেখ্য, ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউরের ধারা-৪০১ (১)’র ক্ষমতাবলে খলেদা জিয়াকে প্রথমবার ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে ছয় মাসের অন্তর্বর্তীকালীন মুক্তি দেয়া হয়। প্রতি ছয় মাস অন্তর মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। এবার সপ্তম দফায় তার মুক্তির আবেদন জানানো হলো। সম্পাদনা: সালেহ্ বিপ্লব