প্রকাশিত: Sun, Mar 19, 2023 10:29 AM
আপডেট: Fri, Jun 12, 2026 12:50 PM

দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: জি এম কাদের

সালেহ্ বিপ্লব: মাদারীপুরের শিবচরে মারাত্মক সড়ক দুর্ঘটনায় হতাহতদের জন্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। রোববার এক শোক বার্তায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

শোক বার্তায় জি এম কাদের বলেন, জীবনের যেনো মূল্যই নেই। এমন ভয়াবহ দুর্ঘটনা মেনে নেয়া যায় না। প্রতিদিনই সড়কে মৃত্যুর মিছিল। অথচ কোন প্রতিকার নেই। যেনো সড়ক দুর্ঘটনা রোধে কারো কোন দায় নেই। প্রতিদিনের দূর্ঘটনা যেনো নিত্যদিনের স্বাভাবিক ঘটনা। তিনি বলেন, দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নিহতদের পরিবারকে যৌক্তিক সহায়তা দিতে হবে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।  

পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি। সম্পাদনা: ইমরুল শাহেদ